
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পথশিশু, দরিদ্র ও দুস্থ প্রায় ৩০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
জানা গেছে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুপুরের পর থেকেই খাবার রান্নার প্রস্তুতি শুরু হয়। পরে সন্ধ্যায় রান্না শেষে সংগঠনের সদস্যরা কমলাপুর রেলস্টেশনে উপস্থিত হন এবং সেখানে অবস্থানরত অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।
এ সময় মানবিক এই উদ্যোগের পেছনের লক্ষ্য তুলে ধরে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, “অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি আমরা নিয়মিত এমন মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে প্রতি সপ্তাহে অন্তত ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করার।”
তিনি আরও জানান, বর্তমানে দেশের ৪৩টি জেলায় এবং ১৪টি উপজেলায় তাদের কমিটি রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় এই কল্যাণমূলক কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় কমিটিগুলো নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দও মানবকল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল বলেন, “বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। পারস্পরিক দায়িত্ববোধ ও সহমর্মিতাই একটি ক্ষুধামুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে পারে।”
ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার সামাজিক দায়িত্ব।” এছাড়া আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সালমান মাহমুদ এবং মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম তাঁদের বক্তব্যে সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে ফাউন্ডেশনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন—উপদেষ্টা এ কে এম নাজমূল হোসেন খান (পদ্মা গ্রুপ অ্যান্ড কোম্পানি), যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান (প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন), সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী (স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তখবর), বিশেষ প্রতিনিধি মো. মাসুদ মজুমদার (ডেইলি প্রেজেন্ট টাইমস), মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রিতা (সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন), সারহিন আক্তার (স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃজগত), দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন (ঢাকা রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার) এবং মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ সানু (স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়)। এ ছাড়াও মো. স্বপন, সুরাইয়া, শুভ ও লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 

























