
ক্রিকেটে ক্যাচ আউটের সময় ব্যাটে বলের স্পর্শ লেগেছে কি না—এই পুরোনো ও চিরচেনা বিতর্কের অবসান ঘটাতে যুক্ত হয়েছে নতুন এক প্রযুক্তি যার নাম ‘সনিক’। ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)-এর কার্যকারিতা আরও নিখুঁত করতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হচ্ছে।
চলমান ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজেই মূলত পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির পথচলা শুরু হয়েছে।
যেভাবে কাজ করবে ‘সনিক’
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), সম্প্রচারমাধ্যম স্কাই এবং প্রযুক্তি প্রতিষ্ঠান ভার্চুয়াল আই-এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রযুক্তি। মূলত নিখুঁতভাবে শব্দ বিশ্লেষণ করে ব্যাট ও বলের সম্ভাব্য সংস্পর্শ শনাক্ত করতে সাহায্য করে ‘সনিক’। এর ফলে টিভি আম্পায়াররা যেকোনো বিতর্কিত সিদ্ধান্ত পর্যালোচনার সময় আরও নির্ভরযোগ্য ও বাড়তি তথ্য হাতে পাচ্ছেন।
যাঁরা যা বলেছেন
গ্লেন ক্রিচলি (এনজেডসির বিপণন ও বাণিজ্য বিভাগ প্রধান): “সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার নির্ভরযোগ্যতা খেলাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই এত বিস্তৃত পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।”
বেন টেলর (ভার্চুয়াল আইয়ের প্রধান নির্বাহী)
“নির্ভুলতা, ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ মান পূরণের ওপর গুরুত্ব দিয়ে আমাদের দল এই প্রযুক্তির উন্নয়ন ও পরিমারজনে নিরলসভাবে কাজ করেছে।”
ভবিষ্যৎ ব্যবহার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সঙ্গে আলোচনা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-এর সমর্থনেই প্রযুক্তিটির মূল্যায়ন ও অনুমোদন দেওয়া হয়েছে। আপাতত শুধু ভারত-নিউজিল্যান্ড সিরিজেই এর কার্যকারিতা দেখা গেলেও, এর সাফল্য ও আইসিসির অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে অন্যান্য আন্তর্জাতিক সিরিজেও ‘সনিক’ ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
অনলাইন ডেস্ক 

























