
দেশের সার্বিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় হলো মাদক—এমন মন্তব্য করে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ব্যাপকভাবে সম্পৃক্ত করতে হবে। সঠিক দিকনির্দেশনা ও উন্নত প্রশিক্ষণ পেলে দেশের এই যুবসমাজই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করবে।
শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জুনিয়র ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণেই কেবল এমন কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, শিশু-কিশোর ও যুবসমাজকে সঠিক পথে রাখতে ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, সন্তানদের নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান জানান তিনি।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৭৯টি দলের প্রায় ১ হাজার ৬০০ প্রতিযোগী মোট ৫৯টি ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেডেল ও ট্রফি তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহিদ পারভেজ চৌধুরী
সোতোকান কারাতে দো ইন্টারন্যাশনাল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলম
অনলাইন ডেস্ক 






















