
চট্টগ্রামের ফটিকছড়িতে ঝোপঝাড় থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকটিকে দত্তক নিতে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে উপচে পড়া আবেদন জমা পড়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আগ্রহী আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পারিবারিক পরিবেশ, আর্থিক সচ্ছলতা, শিশুর সঠিক পরিচর্যার সক্ষমতাসহ নানা বিষয় গুরুত্বের সাথে যাচাই করা হচ্ছে। তবে কেবল আবেদন করলেই শিশুটিকে দত্তক পাওয়ার সুযোগ নেই; সংশ্লিষ্ট সব আইনগত প্রক্রিয়া ও নিয়মনীতি মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম গণমাধ্যমকে জানান, শিশুটিকে দত্তক নিতে প্রচুর আবেদন জমা পড়েছে। অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বের সাথে উপযুক্ত পরিবার নির্বাচনের কাজ চলছে।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং এলাকার আমতলী এলাকায় সড়কের পাশের ঝোপঝাড় থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয়রা ঝোপের মধ্যে কান্নার শব্দ শুনে পুলিশে খবর দিলে ফটিকছড়ি থানা-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা গেছে।
এদিকে শিশুটির একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার পাশাপাশি তাকে কে বা কারা এভাবে ফেলে রেখে গেল, সেই রহস্য উদঘাটন এবং প্রকৃত পরিচয় শনাক্তের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
অনলাইন ডেস্ক 

























