
মাদ্রিদে ঘটে যাওয়া একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জনের প্রাণহানির ঘটনায় চরম রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মাত্র নয় মাস আগে ঘটে যাওয়া আরেকটি ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপর্যয় দেশটির পুরো রেল খাতের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র জনরোষ তৈরি করেছে। সামনেই আগাম নির্বাচন—ঠিক এমন এক সংবেদনশীল মুহূর্তে এই দুর্ঘটনা বর্তমান সরকারের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে।
দুর্ঘটনার পর পরই বিরোধী দলগুলো সরকারের নৈতিক দায় স্বীকার করে পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। তবে মন্ত্রীর পক্ষ থেকে ঘটনাটিকে কেবল ‘মানবীয় ত্রুটি’ বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও তাতে ক্ষোভ আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ, আবাসন সংকট এবং অভিবাসন নীতির কারণে সরকারের ওপর সাধারণ মানুষের যে ক্ষোভ আগে থেকেই পুঞ্জীভূত হয়েছিল, এই ট্রেন দুর্ঘটনা সেই অসন্তোষে যেন আগুন জ্বেলে দিয়েছে।
এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপের ফল বলছে, আসন্ন আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী সানচেজের সোশ্যালিস্ট পার্টির পরাজয় প্রায় নিশ্চিত। বিপরীতে, সেন্টার-রাইট ও উগ্র-ডানপন্থী জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে তীব্র জনরোষের মুখে স্পেনের বর্তমান সরকারের পতন এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।
অনলাইন ডেস্ক 






















