
বগুড়ার শিবগঞ্জে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এম,পি
সমাবেশে মীর শাহে আলম বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। এ ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ষড়যন্ত্র, ভয়ভীতি কিংবা হুমকি দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। দেশের অগ্রযাত্রা ব্যাহত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন।
সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো উপজেলা চত্বর মিছিল ও সমাবেশে মুখর হয়ে ওঠে।
শিবলী ছাদিক,মোকামতলা (বগুড়া) প্রতিনিধি 

























