
আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি জোরদার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব ঘিরে জেলার প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ৬২৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো জেলাজুড়ে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিমা তৈরির কাজ ও সার্বিক প্রস্তুতি সরজমিনে পরিদর্শনে বের হন নবাগত পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম। তিনি শহরের কান্দিপাড়াস্থ রঘুনাথ জিউর মন্দির এবং সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের নোয়াপাড়া কুমার পল্লীতে যান। সেখানে প্রতিমা কারিগরদের সাথে কথা বলে কাজের অগ্রগতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার ও নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত থাকবে পুলিশের বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম মহাসচিব ও জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























