
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির প্রতি উদ্বেগ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতলব উত্তরের ছেংগারচর পৌর শাখার আহ্বায়কের পদ ছেড়েছেন মো. জাহাঙ্গীর আলম অজয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়ে তিনি তাঁর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
নিজের ফেসবুক স্ট্যাটাসে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, “একটি সুন্দর ও বাসযোগ্য দেশ উপহার দেওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম। কিন্তু বিরাজমান সংঘাতময় রাজনৈতিক পরিবেশে একজন সৎ মানুষের পক্ষে রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে। আমি চাই না আমার রাজনৈতিক কর্মকাণ্ডের মাশুল বর্তমান কিংবা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হোক।”
তবে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে জমা দেওয়া আনুষ্ঠানিক পদত্যাগপত্রে তিনি পদত্যাগের মূল কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কে উল্লেখ করেছেন। তিনি জানান, পারিবারিক পরিস্থিতির কারণে দলীয় দায়িত্ব ঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছে না, যার ফলে সংগঠনের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটুক—তা তিনি চান না।
দলের প্রতি অনুগত থেকে এবং সংগঠনকে সম্মান জানিয়ে জাহাঙ্গীর আলম তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
অনলাইন ডেস্ক 

























