
নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও। তবে সরকারি চাকরিজীবীদের জন্য প্রক্রিয়া দ্রুত এগোলেও, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই সুসংবাদ পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।
অর্থ মন্ত্রণালয় গত ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো কার্যকর করে ইতিমধ্যে পরিপত্র জারি করেছে। অক্টোবর মাসের বেতনের সঙ্গেই তাঁদের তিন মাসের বকেয়া বেতন পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি কিছুটা সময়সাপেক্ষ। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আদেশ জারি ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত সময় গড়াতে পারে।
বর্তমানে সারা দেশে ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী। নতুন এই কাঠামো বাস্তবায়িত হলে তাঁদের মূল বেতন এবং বাড়িভাড়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। যেমন—বেসরকারি কলেজের প্রভাষকেরা সরকারি কলেজের প্রভাষকদের মতোই নবম গ্রেডে মূল বেতন পাবেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতনকাঠামোর সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তবে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত না থাকায় নতুন স্কেলে বেতন পেতে শিক্ষক-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অনলাইন ডেস্ক 

























