
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ ও সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রংপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে মন্দিরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্দির কমিটির সভাপতি বাবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুণ্ড, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ।
মন্দিরে এসে শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপর পুরো পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের শারদীয় শুভেচ্ছা জানান।
এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুরের পথে রওনা হন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান।
রংপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়ার এবং সেখানে আরও একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে।
অনলাইন ডেস্ক 

























