
১৬ বছরের দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকের মন জয় করে নেওয়া ইংরেজি দৈনিক ডেইলি সান উদ্যাপন করেছে তাদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার বন্দরনগরীর কাজীর দেউড়িতে পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো কার্যালয়ে এক আনন্দঘন প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে ডেইলি সানের সাফল্য কামনা করেন। এ সময় বক্তারা বলেন, সত্যের পক্ষে থেকে জনকল্যাণমুখী সাংবাদিকতা বজায় রাখার মাধ্যমেই পত্রিকাটি গত ১৬ বছর ধরে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে ডেইলি সানের চট্টগ্রাম ব্যুরো প্রধান নূর উদ্দিন আলমগীর পত্রিকাটির আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে যাদের অবদান রয়েছে—সেই সকল পৃষ্ঠপোষক, পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনলাইন ডেস্ক 

























