
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (আজ) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য অংশীদারত্ব জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, আইসিটি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ।
উভয় পক্ষই মনে করে, প্রস্তাবিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া দেশের যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনেও জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের প্রশংসা করে জানান, বর্তমান সরকারের বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 






















