
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় একপাশে পুলিশ এবং অন্যপাশে লাঠিসোঁটা হাতে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে, যা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকদের একটি অংশ। মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে মাঠে থাকার বিষয়ে দলের নেতারা বলছেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি তাদের কোনো বাধা নেই। তবে এই আন্দোলনের সুযোগ নিয়ে কেউ যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্যই তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে মিরপুরের যুবদল নেতা জামসেদ হোসেন বলেন, “সাধারণ জনগণকে বাধা দেওয়া আমাদের লক্ষ্য নয়। তবে যারা জনগণের সম্পদ নষ্ট করতে চায় এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের প্রতিহত করতেই আমরা মাঠে রয়েছি।”
সবমিলিয়ে, শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের উপস্থিতি এবং লাঠিসোঁটা হাতে যুবদল নেতাকর্মীদের মহড়ায় মিরপুর এলাকায় দিনভর এক ধরনের থমথমে ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।
অনলাইন ডেস্ক 
























