
জুলাই আন্দোলনে যাদের এক দিনও দেখা যায়নি, তারাই পরে আন্দোলনের হোতা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের কৃতিত্ব নয়; এটি ছিল ছাত্র- জনতা এবং সর্বস্তরের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ। গতকাল রাজধানীর ঢাকা কলেজে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সেই সনদে আমরা সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন, ‘জুলাই আমাদের নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে একটি ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাও দিয়েছে। বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এ প্রতিষ্ঠার জন্য দলটি ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির নেতৃত্বে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি নেতৃত্ব দিয়েছে এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।
ঢাকা কলেজের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আজ ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। এ প্রতিষ্ঠানকে নিয়ে জাতি গর্ব করে। এখানে যারা পড়াশোনা করেন, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেন এবং ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।
নিজস্ব প্রতিবেদক 
























