
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে জোরালো গুঞ্জন থাকলেও এই বিষয়ে এখন পর্যন্ত রবার্তো কার্লোস কিংবা তাঁর কোনো প্রতিনিধির পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন পোস্ট ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্রাজিলের মুসলিম নেতা শেখ জিহাদ হামাদার মাধ্যমে রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়। পরবর্তীতে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিন বিষয়টি এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে গুঞ্জনটি নতুন করে ছড়িয়ে পড়ে।
আলিসাহিনের দেওয়া তথ্য মতে, শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে কার্লোস তাঁর কাছে ইসলাম ধর্ম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন এবং পরবর্তীতে শাহাদাহ পাঠ করেন। তবে এই খবরের সত্যতা নিয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে রবার্তো কার্লোসের সম্পর্কের গুঞ্জনও গণমাধ্যমে আসে। তাঁদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের খবরের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে।
স্পোর্টস ডেস্ক 

























