
বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বড় ধরনের বিনিয়োগ করার ইচ্ছাপোষণ করেছে বিশ্বের অন্যতম শীর্ষ শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান ‘মারস্ক লাইন’। আজ শনিবার বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই সুসংবাদ জানানো হয়।
বৈঠকে উপস্থিত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন বাংলাদেশে এ খাতে মারস্কের বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। ডেনিশ বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে শিপিং ও লজিস্টিকস ব্যবসায় সুনামের সাথে নেতৃত্ব দিয়ে আসছে।
আলোচনাকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির নতুন জাহাজ নির্মাণের পাশাপাশি পুরোনো জাহাজের পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মানের পুনর্ব্যবহার (গ্রিন শিপ রিসাইক্লিং) শিল্পেও মারস্ক লাইনকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মারস্কের বহরে থাকা বিপুল পরিমাণ জাহাজের বৈশ্বিক চাহিদা বিবেচনায় বাংলাদেশ নতুন জাহাজ তৈরি ও রিসাইক্লিং—উভয় খাতেই একটি টেকসই কেন্দ্র হয়ে ওঠার পূর্ণ সম্ভাবনা রাখে।
অর্থনীতি ও শিল্পে আশার আলো বিশেষজ্ঞদের মতে, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার প্রক্রিয়ায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ডেনমার্কের মতো দেশের বহুজাতিক কোম্পানির এই বৃহৎ বিনিয়োগ বাস্তবায়িত হলে:
-
ব্লু-ইকোনমি: সমুদ্রভিত্তিক অর্থনীতির বিশাল সম্ভাবনা উন্মোচিত হবে।
-
কর্মসংস্থান ও প্রযুক্তি: দেশে ব্যাপক নতুন কাজের সুযোগ তৈরি হবে এবং উন্নত প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তরিত হবে।
-
শিল্পায়ন: স্থানীয় ও আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার বিকাশে এটি বড় ভূমিকা রাখবে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে অন্যান্যদের মধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মারস্কের দক্ষিণ এশিয়াজোনের নীতিনির্ধারণী প্রতিনিধিরা এবং রয়্যাল ডেনিশ দূতাবাসের জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টারা অংশ নেন।
অনলাইন ডেস্ক 

























