
সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে চলতি মাসে বহাল থাকা দর অনুসারেই আগামী সেপ্টেম্বর মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল বিক্রি হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরেই কিনতে পারবেন গ্রাহকরা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৩১ মে নির্ধারিত ভোক্তাপর্যায়ের এই খুচরা মূল্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর ২০২৬-এর জন্য অপরিবর্তিত রাখা হলো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে অটোমেটেড পদ্ধতিতে প্রতিনিয়ত তেলের দাম সমন্বয় করা হলেও গত আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসের জন্যও জ্বালানি তেলের বর্তমান দামই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল সরকার।
অনলাইন ডেস্ক 

























