
শেখ হাসিনার ১৫ বছরের শাসনকে ‘মাফিয়া আমল’ হিসেবে বর্ণনা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও ভীতির সংস্কৃতি তৈরি করে এ দেশের মানুষের মৌলিক বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের ভুক্তভোগী সদস্যদের সাথে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্পিকার বিগত সময়ের ‘আয়নাঘর’ ও কালো আইনের অপপ্রয়োগসহ নানা রাষ্ট্রীয় নিপীড়নের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল বিষয়সমূহ:
-
এমপিদের ভয়াবহ অভিজ্ঞতা: সাক্ষাৎ অনুষ্ঠানে সংসদ সদস্য সানজিদা ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, হুমাম কাদের চৌধুরী এবং তাহসিনা রুশদীর লুনা নিজ নিজ গুম ও নির্মম নির্যাতনের ঘটনা আইপিইউ প্রধানের সামনে তুলে ধরেন।
-
ডকুমেন্টেশন প্রদর্শন: ‘নিপীড়ন থেকে বিপ্লব : রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক ডকুমেন্টারির মাধ্যমে বিগত আমলের প্রাতিষ্ঠানিক দমন-পীড়নের চিত্র প্রদর্শন করা হয়।
-
আইপিইউ মহাসচিবের বক্তব্য: অ্যান্ডা ফিলিপ এসব ঘটনাকে অত্যন্ত অমানবিক ও জঘন্য হিসেবে অভিহিত করেন এবং নিজ দেশ রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই চসেস্কুর শাসনকালের সাথে এর তুলনা করেন। তিনি জানান, সফর শেষে আইপিইউ গভর্নিং বডিতে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ আমন্ত্রিত অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 

























