
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) আধুনিক ‘এসসিএডিএ/ইএমএস’ (SCADA/EMS) নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে।
কেন্দ্রটির ইউনিট-১ ও ইউনিট-২ থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করতে সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি) এবং পাওয়ার টেকনোলজি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘জিই ভারনোভা’-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রকল্পের দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, এই সমঝোতার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের ৪০০ কেভি ও ২৩০ কেভি জিআইএস সাবস্টেশনসহ ৮টি সঞ্চালন লাইনের গুরুত্বপূর্ণ সিগন্যাল ও ডেটা এনএলডিসি-র কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত করা হবে। এর ফলে জাতীয় গ্রিড পরিচালনা কেন্দ্র থেকে রূপপুরের সঞ্চালন কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, দেশের বিদ্যুৎ খাতের জন্য এই কারিগরি রূপান্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে করে পারমাণবিক কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যেমন নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা সম্ভব হবে, তেমনি গ্রিড ব্যবস্থাপনার সামগ্রিক দক্ষতাও বৃদ্ধি পাবে। পাশাপাশি রূপপুর কেন্দ্রের চলমান কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রক্রিয়া দ্রুততর করতে এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
বর্তমানে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটে জ্বালানি লোডিং-পরবর্তী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্যেই দ্রুততার সঙ্গে এই ডিজিটাল সমন্বয় কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
অনলাইন ডেস্ক 

























