
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বুলি বেগম নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।
দেওয়ানগঞ্জের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকার নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের চেষ্টা করছিল ১৪ বছরের কিশোর রাজু। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা লাকি আক্তার (৪০) এবং দাদি বুলি বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরবর্তীতে প্রতিবেশীরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দাদি বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে; তবে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মেলান্দহের ঘটনা অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তাইব। খেলা শেষে ক্লাসে ফেরার পথে ভবনের ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইন ডেস্ক 

























