
বর্তমানে বিরোধী রাজনীতিকেরা সরকার ও শীর্ষ নেতৃত্বের কড়া সমালোচনা করলেও কাউকে গুম হতে হচ্ছে না এবং এটিই বাকস্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় রুহুল কবির রিজভী তারেক রহমানের রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন, “রাজনৈতিক উত্থান রুখে দিতে এবং জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত হয়েছিল। কারাগারে তাঁর ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যার ক্ষত তিনি আজও বহন করছেন।”
তারেক রহমানের নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসা করে বিএনপি নেতা আরও বলেন:
-
গণতান্ত্রিক আন্দোলন: ২০১৮ সাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন ত্বরান্বিত করেছেন তারেক রহমান।
-
জনকল্যাণমূলক পদক্ষেপ: মেগা প্রকল্পের নামে অর্থ পাচার না করে জনগণের টাকা ফেরাতে ‘কৃষক কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ ও ব্যাপক বৃক্ষরোপণের মতো টেকসই উদ্যোগ নিয়েছেন তিনি।
-
ভবিষ্যৎ পরিকল্পনা: দেশকে এগিয়ে নিতে আগামী ৫ বছরের জন্য তিনি যে উন্নয়ন ও পরিবর্তনের ছক একেছেন, তা ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেশ গড়ার আদর্শিক পথ অনুসরণ করেই তারেক রহমান আজ আত্মনিয়োগ করেছেন। জনগণের সমর্থন ও ওপরওয়ালার অশেষ রহমত থাকলে কোনো চক্রান্তই কাউকে দমাতে পারে না।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এছাড়াও অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামসহ বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























