
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে স্থানীয় দালালদের মাধ্যমে সীমান্ত পার হওয়ার সময় তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা হলেন—গোপালগঞ্জের কোটালীপাড়ার মিলন খান (৩০) ও তাঁর স্ত্রী শীমা খানম (২৩); যশোরের অভয়নগরের আহাদ শেখ (৩১) ও তাঁর স্ত্রী রেশমা পারভীন (৩৪); নড়াইলের কালিয়ার রিনা খাতুন (৩৮), চুমকি খাতুন (৩০) ও তাঁর ১১ বছর বয়সী ছেলে নূর মোহাম্মদ এবং নড়াইলের লোহাগড়ার মিনা খাতুন (২৫)।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক 

























