
বিগত ১৮ বছরে চাইলে অনেক সুযোগ-সুবিধা নেওয়া যেত, কিন্তু কোনো ধরনের লোভ-লালসা ও প্রলোভনে পা দেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নিজ জন্মভূমি ভোলায় আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল ব্যারিস্টার পার্থের প্রথম ভোলা সফর। তাঁর আগমন উপলক্ষে ভোলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীরা এই সংবর্ধনার আয়োজন করেন। বৈরী আবহাওয়া তোয়াক্কা না করে হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ছাদখোলা গাড়িতে করে জনগণের ভালোবাসার জবাব দেন তথ্যমন্ত্রী। পরবর্তীতে গাড়িবহর ভোলা শহরের নতুন বাজার চত্বরে পৌঁছালে তিনি এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব তিনি সর্বোচ্চ সততার সঙ্গে পালন করবেন। সাবেক এই সংসদ সদস্য আরও উল্লেখ করেন, “আমাকে আগে আপনারা ৬ মাসের জন্য এমপি হিসেবে দেখেছেন। আমি কখনো কোনো অনিয়ম-দুর্নীতি প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না।” টিআর-কাবিখা বা যেকোনো উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি হলে সরাসরি ইউএনও অফিসে লিখিত অভিযোগ জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানান তিনি।
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “এই সেতুর জন্য আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদে দাবি তুলেছি। ভোলার মানুষের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের ন্যায্য দাবির কথা আমরা অবিরত বলে যাব।”
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল হয়ে লাহারহাট পৌঁছান ব্যারিস্টার পার্থ। সেখান থেকে স্পিডবোটে ভোলা খেয়াঘাটে নামলে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলমগীরের নেতৃত্বে বিএনপি এবং বিজেপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 

























