
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তের অংশগ্রহণে আয়োজিত র্যালিতে শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার চারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস,এফ,এ,এম শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ।
র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভক্তরা বিভিন্ন ধর্মীয় স্লোগান দেন এবং উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করেন। আমরা ঐতিহাসিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সুখে-দুঃখে, বিপদে-আপদে আমরা একে অপরের পাশে দাঁড়াই।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা ও সমানাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকার ও প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।’
বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে চলার অনুপ্রেরণা। অন্যায়, হিংসা ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সমাজে সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠাই শ্রীকৃষ্ণের আদর্শের মূল শিক্ষা।
তারা জন্মাষ্টমীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।
এম এ কাদের, বিশেষ প্রতিনিধি : 
























