
অসংখ্য গুরুতর অভিযোগ, মানব পাচার, শুল্ক ফাঁকি এবং ব্যাগেজ বাণিজ্যের প্রমাণ মেলায় যাকে ২৪ ঘণ্টা আগে ‘স্ট্যান্ড রিলিজ’ ও মুভমেন্ট অর্ডার দেওয়া হয়েছিল—সেই বিতর্কিত কর্মকর্তা আবার বহাল তবিয়তে আগের পদে! বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত স্টেশন ম্যানেজার মো. শাহজাহান এবং তার স্ত্রী শামীমা পারভীনকে ঘিরে বিমানে একের পর এক নজিরবিহীন ও বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে।
বিগত ১৫ বছর শ্রমিক লীগের রাজনীতিতে দাপট দেখানো এবং অসংখ্যে ‘প্রাইজ পোস্টিং’ পাওয়া শাহজাহান এখন পটপরিবর্তনের পর খোলস বদলে বিএনপি দরদী সাজছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ক্ষমতার অপব্যবহার করে নিজের জুনিয়র স্ত্রীকেও একই ফরেন স্টেশনে পদায়ন নিশ্চিত করেছেন, যা বিমানের ইতিহাসে এক বিরল ঘটনা।
নাটকীয় আদেশ পরিবর্তন ও অনিয়মের সার্বিক চিত্র:
-
২৪ ঘণ্টার ভেলকি: ২ সেপ্টেম্বর বিমানের গ্রাউন্ড সার্ভিসেস শাখা থেকে শাহজাহানকে কুয়েত থেকে তাৎক্ষণিক সরিয়ে নেওয়ার (স্ট্যান্ড রিলিজ) সিদ্ধান্ত দেওয়া হলেও, অদৃশ্য ক্ষমতার জোরে ৩ সেপ্টেম্বর তা বাতিল করা হয়।
-
বিশাল ব্যাগেজ কেলেঙ্কারি: কুয়েত থেকে ঢাকাগামী বিজি-৩৪৪ ফ্লাইটে নিরাপত্তা বিভাগের ঝটিকা তল্লাশিতে ১৪ জনের মধ্যে ১২ জন যাত্রীর ব্যাগেজেই বিপুল পরিমাণ অতিরিক্ত ওজনের অনিয়ম ধরা পড়ে। সরকারি ফি বা রসিদ ছাড়া এসব ব্যাগেজ পার করে দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়, যা বিমানের নিরাপত্তার জন্যও এক চরম হুমকি।
-
নামকাওয়াস্তে তদন্ত: ঢাকায় বসে কুয়েতের তদন্ত সম্ভব নয়—এমন খোঁড়া যুক্তি দিয়ে মূল ঘটনা ও জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে বলে গুঞ্জন উঠেছে।
-
কর্তৃপক্ষের সাফাই: এই নজিরবিহীন সিদ্ধান্ত বদল নিয়ে বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ একে স্রেফ “প্রশাসনিক প্রয়োজন” বলে দাবি করেছেন।
বিশেষজ্ঞ ও সহকর্মীদের ক্ষোভ:
টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, গুরুতর অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের পর পুনর্বহাল করা সরাসরি দুর্নীতির শামিল। এর পেছনে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক অদৃশ্য শক্তি কাজ করছে কিনা, তা খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের এখন একটাই প্রশ্ন—শাহজাহান-শামীমা দম্পতির হাতে কি কোনো ‘আলাদীনের চেরাগ’ আছে, যার কারণে গণমাধ্যমে খবর চাউড় হওয়ার পরও বিমান প্রশাসন এতোটা অসহায় ও নির্বিকার?
অনলাইন ডেস্ক 





















