
টানা তিন দফায় কমার পর দেশের বাজারে আবারও বড় লাফে বাড়ল স্বর্ণের দর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দামে আজ শনিবারও (৫ সেপ্টেম্বর) বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই মূল্যবান ধাতু।
বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ার কারণেই নতুন করে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে। তাই ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে যথারীতি মজুরি যুক্ত হবে।
এ ছাড়া স্বর্ণ ও রুপার গহনা বেচাকেনা বা বিনিময়ের ক্ষেত্রে ভ্যাট, মজুরি ও পাথরের দাম বাদ দেওয়ার পূর্ববর্তী নিয়মই অপরিবর্তিত থাকছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি শপে এই নতুন দর কার্যকর থাকবে।
অনলাইন ডেস্ক 
























