
মা হওয়ার অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা ও গ্র্যামি বিজয়ী লেডি গাগা। দীর্ঘদিনের সঙ্গী, বিশিষ্ট মার্কিন উদ্যোক্তা মাইকেল পোলানস্কির সঙ্গে যৌথভাবে জীবনের এই নতুন পথচলা উদযাপন করছেন তিনি। তবে অনুরাগী ও গণমাধ্যমের দৃষ্টি এড়াতে সন্তানের আগমনের শুভ খবরটি এতদিন সম্পূর্ণ গোপনেই রেখেছিলেন তারা।
সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে হাঁটতে দেখা যায় লেডি গাগাকে। ছবিতে গাগার কোলে একটি স্লিংয়ে নবজাতকটি ছিল এবং পাশেই ছিলেন তার সঙ্গী মাইকেল পোলানস্কি। হঠাৎ প্রকাশ্যে আসা এই দৃশ্য দেখে গাগার ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দ ও বিস্ময়ের জোয়ার বয়ে যাচ্ছে।
ব্যক্তিগত জীবনকে সব সময় আড়ালে রাখতেই পছন্দ করেন এই জুটি। সে কারণেই সন্তানের জন্মের মতো বড় খবরটি নিয়ে আগে থেকে কোনো ঘোষণা বা আনুষ্ঠানিকতা প্রকাশ করেননি তারা। এমনকি বিগত কয়েক মাস ধরে জনসমক্ষে বা গণমাধ্যমের সামনে গাগার উপস্থিতিও ছিল একদম নগণ্য।
নিজের আসল নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা হলেও মঞ্চে লেডি গাগা নামেই তিনি জগৎজোড়া খ্যাত। মা হওয়ার স্বপ্ন যে তার বেশ আগে থেকেই ছিল, তা একাধিক সাক্ষাৎকারে তিনি নিজেই নিশ্চিত করেছেন। ২০২৫ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছিলেন, জীবনের পরবর্তী সবচেয়ে বড় ভূমিকা হিসেবে তিনি ‘মাতৃত্ব’কেই দেখতে চান এবং সন্তানদের নিজের ইচ্ছামতো বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা দেওয়ার ইচ্ছা রয়েছে তার।
গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের সূচনা ২০১৯ সালে, একটি জন্মদিনের অনুষ্ঠানে। ২০২০ সাল থেকে প্রকাশ্যে তাদের একসাথে পথচলা শুরু হয়, যা মহামারী চলাকালীন মালিবুতে কাটানো দিনগুলোতে আরও দৃঢ় হয়। ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসার পর বহুবার নিজেদের ভবিষ্যৎ সংসার ও সুন্দর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন এই যুগল। গাগার সংগীত ক্যারিয়ারেও পোলানস্কির বড় সহযোগিতা রয়েছে—যার প্রতিফলন দেখা গেছে তার সাম্প্রতিক কয়েকটি প্রজেক্টে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এখন যৌথ জীবনে তাদের কোলজুড়ে এসেছে নতুন অতিথি।
অনলাইন ডেস্ক 

























