
নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার ব্যস্ততম সংযোগস্থল কাইকারটেক ব্রিজে চুরি থামছেই না। স্থানীয়দের বাধা উপেক্ষা করে প্রকাশ্যে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। টানা কয়েকদিন ধরে চলা এই চুরির কারণে গুরুত্বপূর্ণ সেতুটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত এই কাইকারটেক ব্রিজটি এলাকার অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। সেতুটির ঠিক পাশেই রয়েছে শতবর্ষী ঐতিহাসিক কাইকারটেক হাট, যেখানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষের আনাগোনা থাকে।
স্থানীয় অধিবাসীদের অভিযোগ, মূলত এলাকার কিছু চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি এই অপকর্মের সাথে জড়িত। দিনদুপুরে স্লাব ভেঙে রড বের করে নেওয়া হলেও কেউ বাধা দিতে গেলে তোয়াক্কা করছে না তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে দ্রুত খোঁজ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
অন্যদিকে, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেস্ক 

























