
রাজধানীর খিলগাঁওয়ে দুটি বাসের প্রতিযোগিতার বলি হয়ে করুণ মৃত্যু হয়েছে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক স্কুল শিক্ষিকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া আহমেদ তিশা ঢাকার উত্তরার ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ’-এ শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফরাজী হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় ‘রমজান পরিবহন’-এর একটি বাস দ্রুতগতিতে এসে তিশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা ‘সাড়া পরিবহন’-এর আরেকটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ওনয় জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ঢামেক হাসপাতাল মর্গ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক বাসের চালক ও অন্য বাসের সহকারীকে (হেলপার) আটক করেছে পুলিশ। এ বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 

























