
বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির নেতাদের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৯ সেপ্টেম্বর তার জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে এই আদেশ দেন।
উচ্চ আদালতে কাজী হাবিবুল আউয়ালের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সহায়তা করেন আইনজীবী মো. তায্যিব-উল-ইসলাম সৌরভ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।
মামলার নথি থেকে জানা যায়, কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদনের শুনানি শেষে গত ২৮ জুন হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত সেই রুল মঞ্জুর করে তার স্থায়ী জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ জুন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগে এই মামলাটি দায়ের করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়, যার মধ্যে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল (২০২৪ সালের নির্বাচন), কে এম নূরুল হুদা (২০১৮ সালের নির্বাচন) ও কাজী রকিবউদ্দীন (২০১৪ সালের নির্বাচন) অন্তর্ভুক্ত রয়েছেন।
মামলা দায়েরের পর ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং তারপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।
অনলাইন ডেস্ক 

























