
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৬ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এ পর্যন্ত মৃত্যুবরণকারী ১,০৭৬ জনের মধ্যে ১০১ জনের নিশ্চিত হাম ছিল। বাকি ৯৭৫ জন মারা গেছেন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১,২৭০ জনের মধ্যে ১১৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১,১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,৮৫১ জনে। অন্যদিকে উপসর্গসহ মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৩,৪৪৯ জনে।
হাসপাতালের পরিসংখ্যানে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১,৬২,০৪৮ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫৫,৬১২ জন।
অনলাইন ডেস্ক 

























