
বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশের মানবাধিকার পরিস্থিতিতে একাধিক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সেপ্টেম্বর মাসের নিয়মিত পর্যালোচনায় জানানো হয়েছে, এ মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৭১টি পরিচয়হীন (অজ্ঞাতনামা) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
সংগঠনটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর এবং নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
‘মব’ সহিংসতা ও রাজনৈতিক সংঘাত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে দেশে অন্তত ৬৫টি ‘মব’ বা গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় ২৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭৪ জন। আগের মাসের (আগস্ট) তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও এ ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে, রাজনৈতিক সহিংসতায় এ মাসে ৩৮৪ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনশন বা অশনাক্ত বিভিন্ন হামলায় মারা গেছেন আরও ৭ জন।
কারা হেফাজতে মৃত্যু বৃদ্ধি এমএসএফের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। আগস্টে ৯ জনের মৃত্যু হলেও সেপ্টেম্বরে এই সংখ্যা দাঁড়ায় ২৪-এ। পাশাপাশি, একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১ জন নারীর মৃত্যুর তথ্যও নথিভুক্ত করা হয়েছে।
সংখ্যালঘু ও গণমাধ্যমের ওপর প্রভাব প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগস্টে যেখানে ১টি প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গিয়েছিল, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে।
অপরদিকে, সাংবাদিকদের ওপর সরাসরি শারীরিক আক্রমণ কিছুটা কমলেও আইনি হয়রানির প্রকোপ বেড়েছে। সেপ্টেম্বরে ২৮ জন সাংবাদিক নির্যাতন বা আক্রমণের শিকার হলেও ৯ জন পড়েছেন আইনি জটিলতায়। সেই সঙ্গে সাইবার বা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার সংখ্যা ৩টি থেকে বেড়ে ৮টি এবং গ্রেপ্তারের সংখ্যা ৩ থেকে ৮ জনে উন্নীত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনাও উর্ধ্বমুখী। আগস্ট মাসে নথিভুক্ত সহিংসতার সংখ্যা ছিল ৩২৭টি, যা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪টিতে। এর মধ্যে—
-
ধর্ষণ ও হত্যা: ৫টি থেকে বেড়ে ১০টি
-
ধর্ষণচেষ্টা: ২১টি থেকে বেড়ে ৩৬টি
-
শারীরিক নির্যাতন: ৪০টি থেকে বেড়ে ৫২টি
-
অপহরণ ও নিখোঁজ: ১৪টি থেকে বেড়ে ২৭টিতে পৌঁছেছে।
অনলাইন ডেস্ক 























