
আগামী দিনের টেকসই ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নবীন পুলিশ কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনপরবর্তী বর্তমান গণতান্ত্রিক পরিবেশে জনগণের বিপুল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ পুলিশকেও একটি নতুন পথরেখা তৈরি করতে হয়েছে, যেখানে মানবাধিকার রক্ষা এবং নারী, শিশু ও বয়স্ক নাগরিকদের প্রতি সংবেদনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নবীন পুলিশ সদস্যদের বাহিনীর ‘অ্যাম্বাসেডর’ হিসেবে জনগণের পাশে থেকে সেবাদানের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী নানা সামাজিক ও রাষ্ট্রীয় চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আইন ও বিধি-বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারত্ব বজায় রাখতে হবে। নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই পুলিশিং সেবাকে এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।
অনলাইন ডেস্ক 

























