
নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর রহমানও আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোবায়ের তার বন্ধু আজিজুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নলদী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নড়াইল 
























