
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জনাব এম এ হান্নান।
রবিবার (১৮ ই অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতির খোঁজখবর নেন।
এ সময় সংসদ সদস্য এম এ হান্নান বলেন —
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, নাসিরনগরসহ সারা দেশে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সেটাই সবার প্রত্যাশা। প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিএনপি সবসময় মানুষের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
তিনি বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”
পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:* 

























