
বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার চার ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ ড্র হয়েছে। তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় রয়েছে সিরিজে ঘটে যাওয়া আম্পায়ারিংয়ের বড় এক ত্রুটি। আফগানিস্তানের কাছে হেরে যাওয়া তৃতীয় ম্যাচে আফগান অধিনায়ক সোহাইল খান নিয়ম ভেঙে ১১ ওভার বোলিং করেছেন—এমন গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি।
কীভাবে হলো এই ভুল?
বাংলাদেশ দলের প্রধান কোচ হান্নান সরকার জানান, ম্যাচ চলাকালীন অফিশিয়াল স্কোরার সোহাইল খানের বোলিং কোটা ১০ ওভারই দেখান। মূলত একটি ওভার ভুলবশত এমন এক ক্রিকেটারের নামে যোগ করা হয়েছিল, যিনি বাস্তবে কোনো বোলিংই করেননি। ওই ক্রিকেটার শুরুতে আম্পায়ারের কাছে ক্যাপ জমা দিলেও পরে তা ফেরত নেন এবং তার বদলে বোলিং করেন অধিনায়ক সোহাইল খান। স্কোরার বিষয়টি খেয়াল না করায় এই বিভ্রান্তি তৈরি হয়।
টিম ম্যানেজমেন্টের পদক্ষেপ
কোচ হান্নান জানান, ডাগআউটে অফিশিয়াল স্কোরার দেখার সুযোগ না থাকায় তারা ক্রিকইনফোর স্কোরকার্ড এবং দলের নিজস্ব অ্যানালিস্টের রেকর্ডের ওপর ভিত্তি করে হিসাব রাখছিলেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে আম্পায়ারদের জানানো হলেও ততক্ষণে সেই ওভারের খেলা শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে এ সংক্রান্ত ফুটেজ ম্যাচ রেফারি ইয়াসির লতিফজাইয়ের কাছে জমা দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি অধিনায়কের প্রতিবেদনের সঙ্গে একটি অতিরিক্ত নোট যুক্ত করে বিষয়টি এসিবিকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সিরিজের চতুর্থ ম্যাচের পর এলবিডব্লিউ ও কট বিহাইন্ডের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে কোচিং স্টাফরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটমাট করে নেন।
দৈনিক ভোরের ধ্বনি ডেস্ক 
























