
সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে অংশ নিতে গিয়ে স্থানীয় ছাত্রদল ও সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন দুই ছাত্রলীগ কর্মী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল বহর নিয়ে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে অতর্কিত ঝটিকা মিছিলের চেষ্টা চালান। এলাকায় আতঙ্ক ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন স্থানীয় সচেতন জনতা ও ছাত্রদল নেতাকর্মীরা।
পরবর্তীতে মিছিলটি উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সন্দেহজনক গতিবিধি দেখে দুজনকে আটক করা হয়।
১. রুমেল আহম্মেদ রুবেল (২৮): সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে।
২. সুমন আহম্মেদ (২৬): সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে।
খবর পেয়ে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে ছাতক থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতা ও ছাত্রদলের হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অনলাইন ডেস্ক 
























