
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে বস্তাবন্দী একটি বিড়াল ফেলাকে কেন্দ্র করে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার নিজড়া গ্রামের বিদ্যাধর এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউপির সাবেক সদস্য গাউস মোল্লার বাড়ির পাশের একটি ঘাটলায় সোমবার বিকেলে নিজড়া ইউনিয়নের দেলোয়ার মোল্লার ছেলে মিনহাজ মোল্লা বস্তাবন্দী একটি বিড়াল ফেলতে যান। এ সময় স্থানীয়রা তাতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে গাউস মোল্লা ও মিনহাজ মোল্লার মাঝেও কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার দিকে মিনহাজ মোল্লার নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল গাউস মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য গাউস মোল্লা অভিযোগ করে বলেন, হামলার সময় দুর্বৃত্তরা তার ঘর ভাঙচুরের পাশাপাশি আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও ৫ থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শফিউল আলম জানান, মূলত মিনহাজ মোল্লা ও গাউস মোল্লার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বাড়িঘরে হামলা বা ভাঙচুরের কোনো তথ্য তাদের জানা নেই। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
অনলাইন ডেস্ক 
























