
কোলের ৪৫ দিনের নবজাতককে আড়াল হিসেবে ব্যবহার করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে বগুড়ায় এক দম্পতিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত দম্পতি হলেন সোহাগ মৃধা (৩১) ও তাঁর স্ত্রী সারমিন খানম। তাঁদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় হলেও বর্তমানে তাঁরা ঢাকার মিরপুর-১ এলাকার আহম্মদ নগরে বসবাস করতেন। ডিএনসি সূত্রে জানা গেছে, সোহাগের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় দেখা যায়, স্ত্রী সারমিন খানমের দুই পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের ভেতর বিশেষ কৌশলে কালো স্কচটেপ দিয়ে ইয়াবার প্যাকেটগুলো পেঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর ডান পায়ের অ্যাংলেট থেকে ৪ হাজার এবং বাম পায়ের অ্যাংলেট থেকে ৩ হাজার ৮০০ পিস—মোট ৭ হাজার ৮০০ পিস (ওজন ৭৮০ গ্রাম) ইয়াবা উদ্ধার করা হয়।
অনলাইন ডেস্ক 
























