
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের সম্পৃক্ততা বাড়াতে পারলে তৃণমূল পর্যায়ে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা সহজতর হবে—এমন মত দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সুশাসন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গত মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে ‘মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
গান্ধী আশ্রম ট্রাস্টের সহকারী পরিচালক অসিম কুমার বকসির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
সভায় প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন প্রকল্পটির চাটখিল উপজেলা ব্যবস্থাপক শাহজাহান। এ সময় আরও বক্তব্য দেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, কামাল মজুমদার, লোকমান হোসেন, মো. মানিক এবং আমেনা বেগম।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 






















