
ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র ঋষি (৪৩) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সেলুন শ্রমিক কল্যাণ সংস্থা ও ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক সেলুন মালিক ও কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ অক্টোবর বাকিতে চুল কাটতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র ঋষিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে সাধারণ সেলুন ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। বক্তারা অবিলম্বে মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সেলুন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি সঞ্জু দাসের পরিচালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন—
শ্রী সঞ্জয় চন্দ্র শীল (কোষাধ্যক্ষ, বাংলাদেশ নরসুন্দর কল্যাণ কেন্দ্রীয় সমিতি)
অ্যাডভোকেট লিটন কুমার শীল
জগদীশ চন্দ্র শীল (সভাপতি, নোয়াখালী সেলুন কল্যাণ সংস্থা)
সুমন দাস (সেক্রেটারি, নোয়াখালী সেলুন কল্যাণ সংস্থা)
বিজয় (অর্থ সম্পাদক)
এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেলুন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























