
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অর্থায়ন ও প্রধান আশ্রয়দাতা হিসেবে জড়িত থাকার অভিযোগে মো. জাফর হাজী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাফর হাজী টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুর ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বাজার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি উদয়পুর রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অর্থ জোগান দেওয়া ও আসামিদের আশ্রয়ের অভিযোগে জাফর হাজীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক 
























