
রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরে কর্মরত এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে অননুমোদিত ডিজে পার্টি ও মাদকের আসর থেকে ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
গোয়েন্দা সূত্র জানায়, আলোচিত ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক কেনাবেচা এবং অবৈধ ডিজে পার্টির নামে অসামাজিক কার্যকলাপ চলে আসছে—এমন খবরের ভিত্তিতেই এই আকস্মিক অভিযান চালানো হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভবনটি ভাড়া দিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে সেখানে মাদক ও অবৈধ কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ডিবির পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যে বাড়িটিতে এই অভিযান চালানো হয়েছে সেটি পুলিশ সদর দপ্তরের ম্যান্টেনেইন্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তবে ডিবির এই অভিযানের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অনলাইন ডেস্ক 























