
রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বা হকার বসালে এখন থেকে সরাসরি মামলা দায়ের এবং মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ ও বিশেষ মশক নিধন অভিযানের সময় মালিবাগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
মানবতার অজুহাতে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, “রাস্তায় তীব্র যানজট, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য অবৈধ হকার ও ভাসমান দোকানগুলো বহুলাংশে দায়ী। ঢাকাবাসী এবং সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি চায়। নিয়মের বাইরে গিয়ে রাস্তা বা ফুটপাতে দোকান বসালেই তাৎক্ষণিকভাবে মালামাল জব্দ এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুল পর্যন্ত এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এ সময় প্রশাসক নিজে উপস্থিত থেকে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
অনলাইন ডেস্ক 























