
ভক্তদের জন্য জন্মদিনের আনন্দকে দ্বিগুণ করে দিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিশেষ এই দিনটিতেই নিজের নতুন সিনেমার ঘোষণা দিয়ে অনুরাগীদের মনে নতুন কৌতূহল জাগিয়েছেন এই তারকা। তারেক রহমান পরিচালিত নতুন এই সিনেমাটির নাম ‘ফারজানা’।
গত শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। কাছের মানুষদের নিয়ে আয়োজিত এই জন্মদিনের পার্টির মূল আকর্ষণ ছিল শিউলি ফুল। সিঁড়ি থেকে শুরু করে নিজের পোশাক—সবখানেই শিউলি ফুলের স্নিগ্ধ ছোঁয়া রেখেছিলেন তিনি। শিউলি ফুলের নকশাদার শাড়িতে হাজির হয়ে সবার নজর কেড়ে নেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে নতুন সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরীমণি জানান, জন্মদিনে এ নিয়ে প্রশ্ন আসতে পারে জেনেই তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন। তিনি বলেন, জন্মদিনের এটি একটি দারুণ সারপ্রাইজ। কাজ নিয়ে কথা বলার জন্য এর চেয়ে সুন্দর সময় আর হতে পারে না।
পরিচালক তারেক রহমান জানান, ‘ফারজানা’ সিনেমার লুক প্রায় ছয় মাস আগে চূড়ান্ত হলেও কাজ শুরু করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন বাকি থাকা সামান্য কাজগুলো গুছিয়ে শিঘ্রই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবেন নির্মাতা ও অভিনেত্রী।
পরিচালকের প্রত্যাশা, এই সিনেমার মাধ্যমে দর্শক একেবারেই নতুন এক পরীমণিকে আবিষ্কার করবেন। তবে ছবির গল্প, সহশিল্পী বা মুক্তির তারিখ নিয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
অনলাইন ডেস্ক 

























