
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পেরেছেন। তবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে।
পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক অপ্রীতিকর পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেখানে স্থায়ী শান্তি নিশ্চিত করতে স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িয়ে পড়লে ছাড় দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদাধিকারী, তা দেখা হচ্ছে না; আইনের চোখে সবাই সমান।
সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালালেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে জানান, দেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক 
























