
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে শূন্য থাকা প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার সকালে পুরান ঢাকার কোতোয়ালি থানার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় বিদ্যালয় দুটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই শূন্যতা দ্রুত দূর করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সরকারের আলোচনা চলছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ হলে বিদ্যালয়ের নেতৃত্ব ও প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু সরাসরি নিয়োগ নয়, বরং দায়িত্ব পালনে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বিদ্যমান নিয়োগবিধি ও পিএসসির নিয়মের সঙ্গে সমন্বয় করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া প্রধান শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সহকারী শিক্ষক নিয়োগের বিষয়টিও নতুন করে গুরুত্ব পাবে বলে জানান তিনি।
এ সময় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক 
























