
রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন না হলে ক্ষমতায় যিনিই আসবেন, তিনিই আবার ফ্যাসিবাদের রূপ নিতে পারেন বলে সতর্ক করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি মন্তব্য করেছেন, শুধু চালক পরিবর্তন করে কোনো লাভ নেই, রাষ্ট্র পরিচালনার মূল মেশিনটিই বদলে ফেলতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়্যাল পার্টি সেন্টারে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক মতবিনিময় সভার পূর্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ আমলের কঠোর সমালোচনা করে এনসিপি প্রধান বলেন, দলীয়করণের মাধ্যমে অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং বর্তমানেও কোথাও কোথাও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোতে মৌলিক পরিবর্তন আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে নাহিদ ইসলাম স্পষ্ট করে জানান, আসন্ন ডিসেম্বরে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। ভারতের ভূ-রাজনৈতিক কৌশল এবং বাংলাদেশকে চাপে রাখার হাতিয়ার হিসেবেই আওয়ামী লীগকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশপ্রেমই সবচেয়ে বড় অগ্রাধিকার।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে তিনি বলেন, কেবল নামমাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেই সমস্যার সমাধান হবে না; বরং প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে ঠিক করতে হবে। কোনো একক দল নিজেদের পছন্দমাফিক ব্যক্তি দিয়ে সরকার গঠনের চেষ্টা চালালে এনসিপি তা শক্ত হাতে প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির পক্ষ থেকে বড় ধরনের গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া, মুন্সীগঞ্জের নদী ভরাট, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং দখলদারত্ব বন্ধে স্থানীয় জনগণের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
অনলাইন ডেস্ক 

























