
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মানহানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার সিকিউরিটি উইংয়ের সহায়তা চেয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
সম্প্রতি রাশমিকার একটি পুরোনো সাক্ষাৎকারের (যেখানে তিনি তাঁদের সম্পর্কের শুরুর দিককার কিছু মজার বা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছিলেন) কিছু অংশ ও স্ক্রিনশট বিকৃত করে অনলাইনে নানা ট্রোল ও মিম ছড়ানো হয়। এমনকি নেটিজেনদের একাংশ বিজয়কে ‘রেড ফ্ল্যাগ হাজব্যান্ড’ বলেও কটাক্ষ করে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারকা জুটির টিম অভিযোগ করেছে যে, একটি নির্দিষ্ট চক্র অর্থের বিনিময়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও নেতিবাচক প্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের সাইবার বুলিং ও সম্মানহানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এমন স্পষ্ট বার্তার পরই কঠোর আইনানুগ ব্যবস্থার পথে হেঁটেছে তাদের টিম।
বিনোদন ডেস্ক 

























