
শ্রমিক অসন্তোষের জেরে আজও উত্তপ্ত রয়েছে গাজীটুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। দাবি আদায়ের পক্ষে ও বিভিন্ন স্থানে বিক্ষোভের কারণে ইতিমধ্যে দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (নভেম্বর ২) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ইটপাটকেলের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুপুর ১২টার দিকে। গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় আন্দোলনকারীরা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া এসএ টিভির ক্যামেরাপারসনও পায়ে আঘাত পান।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা আজও বিক্ষোভ অব্যাহত রেখেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি বিজিবি ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।
অনলাইন ডেস্ক 
























